টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলে ইউনুস আলী মন্ডলকে মৃত্যুদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এই আদেশ দেন। এছাড়াও একলাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত ইউনুস মন্ডলের বাড়ি জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে। তার বাবার নাম সিরাজ উদ্দিন।
টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, সিরাজ উদ্দিন তার স্ত্রী, প্রতিবন্দ্বী বড় ছেলে শেখ ফরিদ ও ছোট ছেলে ইউনুছ মন্ডলকে নিয়ে মশাজান গ্রামের বাড়িতে কৃষিকাজ করে জীবন যাপন করত। ইউনুছ মন্ডল কোন কাজ করতো না। একারণে তার মা ফুলমালা বেগম মাঝে মধ্যেই ছেলেকে গালাগাল করতো। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকতো।
২০২৫ সালের ২৫ জুলাই বিকেলে ইউনুছ মন্ডল বাড়িতে ফিরলে তার মা গালমন্দ করেন। এ ঘটনা ইউনুছ ক্ষুব্দ হয়ে মা ফুলমালার গলা চেপে ধরে। তিনি পড়ে গেলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে চলে যায়। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদি হয়ে পরদিন মির্জাপুর থানায় ভাই ইউনুছের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া ওই দিনই আসামীকে গ্রেপ্তার করে। আসামী দোষ স্বীকার করে আদালতে জবানন্দি দেয়। তদন্ত করে ২০২৬ সালের ২৬ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে আদালত মৃত্যুদন্ডের রায় দিলেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষনা পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।


















