Homeঅপরাধসাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানায় বসে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

এ সময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের সাঁজোয়াযান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে এসব এলাকার বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে সকালে সাভারের হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজের জন্য উপস্থিত হন। কয়েকটি কারখানার শ্রমিক কাজ না করে বের হয়ে আসেন। পরে তাঁরা বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নেন। পুলিশ তাঁদের সরে যেতে বলে। তবে শ্রমিকেরা সরে না গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এরপর ওই এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য