জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে এ চিঠি পাঠান তিনি। তবে তাকে হাসিনা ব্যক্তিগতভাবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নথি মেলেনি।
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস্ আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা পওলস্ ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের বিশেষ কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা লাভ করেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নথি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিগত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে জোরালো আইনি উদ্যোগ গ্রহণ করেছেন পওলস্।
ব্যারিস্টার পওলসের দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে শীর্ষস্থানীয় ব্যক্তিদের পক্ষে মামলা পরিচালনার সুখ্যাতি রয়েছে। অতীতে তিনি লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আইনি সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতির মামলাও পরিচালনা করেছেন। তবে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে অতীতে তার কোনো সংযোগ ছিল না। ব্রিটিশ বারের সাধারণ নিয়মানুযায়ী কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে মামলা লড়া আইনজীবীর ব্যক্তিগত রাজনৈতিক আনুগত্য নির্দেশ করে না; বরং এটি নিছক মক্কেল ও কৌঁসুলির মধ্যকার একটি পেশাদার চুক্তিভিত্তিক সম্পর্ক।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে পওলস্ উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার কর্তৃক শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধিবদ্ধ নাগরিকত্ব, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরে দ্রুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি প্রদানের অনুরোধ জানান। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া কী হবে, তাও জানতে চান।
নয়াদিল্লি মিশন চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, চিঠিতে পওলস্ নিজেকে আইনি পরামর্শক দাবি করলেও শেখ হাসিনার সই করা কোনো সুনির্দিষ্ট ওকালতনামা বা সম্মতিপত্র এতে সংযুক্ত ছিল না।
এদিকে চিঠিটির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো চিঠির সত্যতা, আইনগত বৈধতা ও ভিত্তিমূল্য খতিয়ে দেখা হচ্ছে।

















