দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ভরিপ্রতি দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। সেই সর্বোচ্চ দরের তুলনায় এখন দাম প্রায় ৩২ শতাংশ কম। স্বর্ণের দাম কেন কমছে, আরও কমবে কি না এবং কেনার এটাই সুযোগ কি না, এসব প্রশ্ন এখন স্বর্ণের মালিক ও সম্ভাব্য ক্রেতাদের মনে ঘুরছে।
দেশের বাজারে ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের ওপরেই বিক্রি হচ্ছিল। শেষ পর্যন্ত গত দুই সপ্তাহে নয় দফায় ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমে এক বছর পর দাম ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ দফায় একদিনের ব্যবধানে কমেছে ৬ হাজার ১৮২ টাকা। এর আগের দিন ভরি ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। বাজুস জানিয়েছে, নতুন দর আজ রোববার থেকে কার্যকর।
নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। বাজুস জানিয়েছে, নতুন দর আজ রোববার থেকে কার্যকর।

















