টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করে ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আকতার (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার (০৭ জুন, ২০২৬) সকাল ০৮:০০ টা থেকে ০৮:৩০ টা পর্যন্ত মির্জাপুর থানাধীন বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর জনাব মো: সাইফুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম মাঝালিয়া বাজারে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালানো হয়। পরে ওই দোকান ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নারী মাঝালিয়া বাজারের মুদি দোকানদার সাথী আকতার (৩৬)। তিনি স্থানীয় মাঝালিয়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী এবং পিতা: সোবান সিকদার ও মাতা: হাসনা বেগমের কন্যা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


















