Homeঅপরাধগোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পাশাপাশি গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে। জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজে হাত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেনযোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ দুই থানার কার্যক্রম চালু হবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি। এদিকে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য