শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ২ কর্মী নিহত হয়েছেন।
এই দুজন হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় নেতা–কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। আর আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
ইব্রাহিম সিপাহীর সুরতহাল করেছেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম । তিনি বলেন, নিহতের শরীরে একটি ছিদ্র দেখতে পেয়েছেন তিনি। তবে সেটা গুলি কিনা, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। শরীয়তপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে ওসি জানতে পেরেছেন।

















