তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবার শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।
ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।


















