লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন রফিকুল ইসলাম। হারিয়েছেন বাকশক্তিও। পরিবারের আয়ের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সোমবার সকালে স্পিকারের দেওয়া অনুদানের অর্থ রফিকুল ইসলামের হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


















