সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই তিন মাস দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এসময় বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি নিম্নচাপে পরিণত হওয়ার এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা আছে। সংস্থাটির মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
গত মাসে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়। সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিভিন্ন সময়ে দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। এসময় দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯৮ মিলিমিটার রেকর্ড করা হয় হাতিয়ায়। আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি: অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বিভাগভেদে বৃষ্টির চিত্র ছিল ভিন্ন। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ ও ২২ এবং ২৬ থেকে ৩০ আগস্ট মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। একই মাসে ২৭ আগস্ট দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। ৭ আগস্ট সর্বনিম্ন ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় নারায়ণগঞ্জে। আগস্টে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে শূন্য দশমিক ৮, শূন্য দশমিক ৫ ও শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগামী ৩ মাসের বৃষ্টির পূর্বাভাস: আগামী তিন মাস দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে।


















