লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৭ মে) আসরবাদ বদরপুরের হাজিরহাট বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বদরপুর ইউনিয়ন দক্ষিণ শ্রমিক দলের সভাপতি ফরাদ পরান, যুবদল দক্ষিণ সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, মৎস্য দলের সভাপতি মো. কবির, যুবদল নেতা জাকির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আসাদ মেলকার ইউনিয়ন পরিষদে নিয়মিত অনুপস্থিত রয়েছেন। পরে তিনি হাইকোর্টে রিট করে চেয়ারম্যান পদ বহাল রাখলেও পরিষদে না আসায় সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও নাগরিক সেবার স্বার্থে তারা চেয়ারম্যানকে মেনে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি নিয়মিত পরিষদে না আসায় জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, গ্রাম আদালতসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান আসাদ মেলাকারকে পরিষদে দেখা যায়নি। একটি জন্ম নিবন্ধনে স্বাক্ষরের জন্যও তার গোপন অবস্থানে যেতে হয়।
আরেক বাসিন্দা পরান অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি ইউনিয়ন পরিষদে না আসায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। মানববন্ধনকারীরা দ্রুত চেয়ারম্যানকে নিয়মিত পরিষদে উপস্থিত হয়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মেলকারের মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে আমি ঠিক মতো কাজ করছি। জেলে কার্ড নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছে। অনেকে অনৈতিক সুবিধা এবং জেলে না হয়েও চাল চাচ্ছে। যারা অনৈতিক ভাবে সুবিধা চাচ্ছে তারা সুবিধা না পয়ে মানববন্ধন করছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেক বিন সিফাত বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















