Wednesday, May 13, 2026
Homeঅপরাধদেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত

দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক অজ্ঞাতনামা যুবতীর (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর পাশে একটি ধানক্ষেত ও নতুন কবরস্থান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বল্পলাড়ু গ্রামের ফাঁকা মাঠের মাঝখানে ধানের জমিতে কাজ করতে যান স্থানীয় কৃষকরা। সেখানে নতুন কবরস্থানের ভেতরে এক নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহতের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ উদ্ধারের পর টাঙ্গাইল জেলা পিবিআই নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে। এর মাধ্যমে জানা যায়, নিহত নারীর নাম স্বপ্না খাতুন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের বাসিন্দা।

পিবিআই জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং এর মাধ্যমে তদন্তের কাজ আরও সহজ হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য