জুলাই অভ্যুত্থানে শহীদ এবং গুম-খুনের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছে সরকার। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা রয়েছেন।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমও প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে নিয়োগ পাওয়া পরিবারের সদস্যদের কয়েকজন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মধ্যে ছিলেন ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ। তারা একই সঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। তিনি অনুষ্ঠানটি পরিচালনাও করেন। আতিকুর রহমান রুমন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব ১ জাহিদুল ইসলাম রনি, উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান, সুজাউদ্দৌলা সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।


















