Thursday, March 19, 2026
Homeদূর্ঘটনাঢাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংর্ঘষে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

ঢাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংর্ঘষে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

টাঙ্গাইল প্রতিনিধি

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের (৩৩) গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের। তার বাবা সেকান্দর মন্ডল।
স্থানীয় বাসিন্দা মাছুম বলেন, তার গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। মা ও ভাই কান্নাকাটি করছেন। বাড়িতে শোকের মাতম চলছে।
জানা গেছে, নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশে যোগ দেন। তারা দুই ভাই। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। ২০১২ সালে তিনি বিয়ে করেন। তাদের ঘরে ৬ বছর বয়সী তানহা ইসলাম নামে এক কন্যা সন্তান রয়েছে।
দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, সংঘর্ষে নিহত হওয়ার খবর পেয়েছি। ওই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ছিল। কিন্তু নদী ভাঙনে বসতভিটা হারিয়ে পার্শ্ববর্তী দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস করেন তারা। ফয়েজপুরে বসবাস গড়ে তুললেও এখনো তারা দৌলতপুর এলাকার ভোটার।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার  বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজা হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হবে। নিহতের পরিবার যেভাবে চাইবে সেভাবে হবে। তার জানাজা ও তার পরিবারের পাশে দাঁড়ানোসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য