Homeঅপরাধসাগর-রুনি হত্যা মামলা, তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিল টাস্কফোর্স

সাগর-রুনি হত্যা মামলা, তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্তে ট্রাইব্যুনালের কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গভীরভাবে যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। এ প্রক্রিয়ার কারণেই যথাসময়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি। ফলে মঙ্গলবার প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও, বিশেষ এ তদন্ত দল হাইকোর্টের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এর আগের দিনই প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাড়তি সময়ের আবেদন জানিয়েছে টাস্কফোর্স, যা তাদের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি। এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল তিন দফায় রাষ্ট্রপক্ষের আবেদনে আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। তার ধারাবাহিকতায় রিট আবেদনটি আবার কার্যতালিকায় ওঠে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য