টাঙ্গাইল প্রতিনিধি
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্বে ধনবাড়ীর প্রতিনিধিত্ব করবে পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে কঠোর অনুশীলন শুরু করেছে দলটি। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বিদ্যালয় মাঠে প্রতিদিন সকালে ফিটনেস এবং বিকেলে ট্যাকটিক্যাল প্র্যাকটিস চলছে। প্লেসিং, গ্যাপ কন্ট্রোল ও টিম কম্বিনেশন নিয়ে বিশেষভাবে কাজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জহিরুল ইসলাম মিলন।
এবারের দলের মূল শক্তি হলো জাতীয় পর্যায়ে খেলা ৮ (আট)জন অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি । তাদের অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবারের দলের সবচেয়ে বড় আট( ৮) জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তারা হলেন: অপরাজিতা, মিম, মরিয়ম, মিষ্টি, খুশি, রাবেয়া, অন্তরা ও হোসনে আরা। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েরা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে ধনবাড়ীর প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। দলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় থাকায় আমরা আশাবাদী তারা ভালো ফলাফল করবে।
খেলাধুলা শুধু বিনোদন না, এটা মেয়েদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে তোলে। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের মাধ্যমে ধনবাড়ীর নারী ফুটবল আরও এক ধাপ এগিয়ে যাবে। আমি মেয়েদের জয়ের জন্য দোয়া করি এবং ধনবাড়ীবাসীকে মাঠে এসে তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানাই। কোচ জহিরুল ইসলাম মিলন বলেন,মেয়েরা শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। জাতীয় পর্যায়ে খেলা খেলোয়াড়রা থাকায় আমাদের টার্গেট একটাই – উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্বে ধনবাড়ীর নাম উজ্জ্বল করা তারপর আল্লাহর রহমতে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক,তোফাজ্জল হোসেন তালুকদার বলেন, আমাদের মেয়েরা শুধু খেলার জন্যই না, ধনবাড়ীর সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যও মাঠে নামবে। জাতীয় খেলোয়াড়রা থাকায় আমরা শিরোপা নিয়ে আশাবাদী।” পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আলম ফকির বলেন, “মেয়েদের শৃঙ্খলা ও পরিশ্রম দেখে আমি মুগ্ধ। আমরা উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্বে যাওয়ার টার্গেট নিয়ে কাজ করছি।” দলের অধিনায়ক বিভাগীয় পর্যায়ে সেরা গোলদাতা অর্জনকারী অপরাজিতা বলেন, আমরা একটা পরিবার। মাঠে আমরা ১১ জন, কিন্তু সাপোর্টে আছে পুরো ধনবাড়ী। সবার দোয়া চাই।” সহ-অধিনায়ক জে এফ এ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মিম বলেন, জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সেরাটা দেব ইনশাআল্লাহ।”
স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা বলছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে ধনবাড়ীতে নারী ফুটবলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। উপজেলা পর্বের খেলা খুব শীঘ্রই শুরু হবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েরা এখন শুধু চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায়।


















