Homeঅপরাধটাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর থেকে আওয়াল শফি (৪২) নামের এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, আওয়ালকে পরিকল্পিতভাবে হত্যা করে রাস্তায় মরদেহ ফেলে রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত আওয়াল উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে। তিনি যাদবপুর ইউনিয়ন স্বাস্থ্য সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহতের পরিবার ও সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল দশটার দিকে আওয়াল শফি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান।

কিন্তু কোথায় কেন যাচ্ছে তা বলে যাননি। এরপর দুপুর একটার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর মোটরসাইকেল ও মরদেহ পড়ে ছিল। পথচারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার ডান পাশ থেঁতলে যায় এবং মগজের তিন খণ্ড রাস্তায় পড়ে ছিল। নিহতের বোন জামাই সুজন দাবি করেন, ধারালো কিছু দিয়ে আওয়ালের গলাকাটা রয়েছে। মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পড়ে ছিল। তাই এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ রাস্তায় ফেলে রাখা হয়েছে। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য