টাঙ্গাইল প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ফিরতে থাকায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
শনিবার(২৮ মার্চ) সকালে বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার(২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার(২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বাসেক) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে থাকায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। তারা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছেন।

















