Tuesday, February 24, 2026
Homeঅপরাধটাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি 

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বাজার মনিটরিং ও অভিযানে বাধা এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

স্মারকলিপি প্রদানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) জেলা কমিটি সভাপতি মঞ্জু রানী প্রামানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সদর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মাসুদ রানা, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রিপন, দেলদুয়ার থানা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা কমিটির সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিত,  নাহার চাকলাদার, মো. শাহআলম, মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে। বাজার মনিটরিং ও অভিযানে কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বাধা প্রদান, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তাৎক্ষণিক আইনানগত ব্যবস্থাগ্রহণ করতে হবে।

 জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার করতে হবে।  ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করায় প্রয়োজনীয় সতর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এবং ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেলক্ষ্যে আগাম প্রতিরোধমূলক  ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল জানান, জেলা ক্যাবের পক্ষ থেকে প্রদত্ত স্মারকলিপিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। বাজার মনিটরিংয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয়- সে বিষয়ে প্রশাসনের সতর্কতা প্রত্যাশা করা হয়েছে। একই সঙ্গে বাজার তদারিকামূলক অভিযান নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য